শীতে ত্বকের যত্নে কাঁচা হলুদের ব্যবহার

শীতে ত্বকের যত্নে কাঁচা হলুদের ব্যবহার

ছবিঃ সংগৃহীত।

শীতকালে ত্বক শুষ্ক, রুক্ষ ও চুলকানি হয়। এই সমস্যা কমাতে প্রাচীন মসলার মধ্যে অন্যতম হল হলুদ।ত্বকের যত্নে কাঁচা হলুদের ব্যবহার বিশেষ কার্যকর, কারণ এতে প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে যা ত্বকের প্রদাহ ও শুষ্কতা কমাতে সাহায্য করে। কাঁচা হলুদ শুধু ফেসপ্যাকেই নয়, ময়েশ্চারাইজার এবং ক্লিনজার হিসেবেও ব্যবহার করা যায়।

কাঁচা হলুদের ফেসপ্যাক:

এক টুকরো কাঁচা হলুদ, টকদই এবং মধু একসঙ্গে ব্লেন্ড করুন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগান এবং তারপর ধুয়ে ফেলুন। টকদই ত্বক এক্সফোলিয়েট করে, মধু এবং হলুদ আর্দ্রতা ধরে রাখে। সপ্তাহে দুই দিন ব্যবহারে ত্বক নরম, কোমল ও জেল্লাদার হবে।

কাঁচা হলুদের ময়েশ্চারাইজার:

শীতকালে ত্বক আর্দ্র রাখতে এক চিমটি কাঁচা হলুদ বাটার সঙ্গে ঘি মিশিয়ে রাতে ঘুমানোর আগে মুখে মালিশ করুন। ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিলে ত্বক মসৃণ ও সুরক্ষিত থাকে।

কাঁচা হলুদের ক্লিনজার:

এক চিমটি কাঁচা হলুদ বাটার সঙ্গে এক চামচ দুধের সর মিশিয়ে ত্বকে মালিশ করুন এবং মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বক পরিষ্কার করে, ব্যাকটেরিয়া ও ময়লা দূর করে এবং ত্বকের জেল্লা ধরে রাখে।

এভাবে কাঁচা হলুদ ব্যবহার করলে শীতকালে ত্বককে মসৃণ, নরম ও প্রাণবন্ত রাখা সম্ভব।