ক্যাপিটাল ড্রামার ‘ফার্স্ট লাভ’, তৌসিফের নায়িকা নীলা
ছবি: সংগৃহীত
ক্যাপিটাল ড্রামার ব্যানারে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’। হাসিব হোসাইন রাখির গল্পে নির্মিত এই ফিল্মে দেখা যাবে এক ভিন্নধর্মী যাত্রা—যেখানে শুধু রোমান্স নয়, মিশে আছে পরিবার, বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতি।
৯০ মিনিট দৈর্ঘ্যের ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি নিজেই। শুরু থেকেই নতুন নায়িকাকে ঘিরে ছিল ব্যাপক কৌতূহল। প্রযোজনা সংস্থাও দর্শকদের এই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছিল নায়িকার পরিচয় গোপন রেখে।
শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হলো। আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় ‘ফার্স্ট লাভ’-এর নায়িকার পরিচয়। তিনি শোবিজের পরিচিত মুখ—ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল শাম্মি ইসলাম নীলা, যিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ–২০২৩’-এর মুকুটজয়ী।
চলতি বছরের শুরুতে বিয়ে করে আলোচনায় এলেও অভিনয়ে এর আগে নাম লেখাননি ২৪ বছরের এই তরুণী। প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে নীলা বলেন, “আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। ‘ফার্স্ট লাভ’-এর গল্পটি যখন শুনি, নিজের সঙ্গেও খুব কানেক্ট করতে পেরেছি। যারা দেখবেন, তারাও জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গল্পটাকে অনুভব করবেন। এমন একটি কাজ করতে চেয়েছিলাম যা মানুষের মনে থেকে যাবে। দর্শকরা মানসম্মত কাজ দেখতে চান, আর এই ফিল্মে তারা সেই কোয়ালিটি পাবেন বলে আমি আশাবাদী।”
ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, “‘ফার্স্ট লাভ’ হচ্ছে হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে চতুর্থ প্রজেক্ট। কাজটি নিয়ে আমি বেশ এক্সাইটেড, কারণ আমাদের নায়িকার এটি প্রথম কাজ। তাই গল্পের নামও রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।”
পরিচালক হাসিব হোসাইন রাখি জানান, “গল্পটা পুরোপুরি আমার নিজের লেখা। ‘ফার্স্ট লাভ’ আমার জন্য নতুন এক জার্নি। আশা করি, দর্শকও এই গল্পের সঙ্গে এক ধরনের জার্নিতে অংশ নেবেন।”
প্রযোজক ও ক্যাপিটাল ড্রামার হেড আনোয়ারুল আলম সজল জানান, আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় ওয়েব ফিল্মটি মুক্তি পাবে। দর্শকরা এতে কিছুটা সিনেমাটিক অনুভূতিও পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।