বগুড়ায় কিডনি রোগী শাহনেওয়াজকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
সংগৃহীত ছবি
বগুড়ায় যুবদলের সাবেক নেতা শাহনেওয়াজ আলম রোবা আর্থিক সহায়তা পেয়েছেন বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দলের মাধ্যমে। বুধবার দুপুরে শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকায় তার বাড়িতে গিয়ে এই অনুদান হস্তান্তর করা হয়।
জানা যায়, শাহনেওয়াজ আলম রোবা ১৯৯৬ থেকে ২০১১ পর্যন্ত শেরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং একই সাথে জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছেন এবং নিয়মিত ডায়ালেসিস করতে হয়। তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর্থিক সহযোগীতার নির্দেশ দেন।
রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বলেন, ‘শাহনেওয়াজ আলম রোবা যুবদলের পরীক্ষিত নেতা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করেছি। একই সাথে বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আর্থিক সহায়তা পাঠিয়েছেন। সেটি তার হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া তার যে কোনো ধরণের সহযোগীতায় আমরা পাশে থাকবো।’
শাহনেওয়াজ আলম রোবা বলেন, ‘রাজনীতিতে কখনো কোনো সহায়তা পাইনি। এই প্রথম তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা পেয়েছি, যা আমাকে অনেক খুশি করেছে। বিএনপি পরিবারের একজন দুঃস্থ কর্মীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়েছে।’
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিএনপির শাজাহানপুর উপজেলা ও আড়িয়া ইউনিয়নের সাবেক আহ্বায়ক ও নেতৃবৃন্দ, জেলা ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ এবং শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিব হোসাইন। রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ এবং শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস শারীরিকভাবে অসুস্থ নেতা শাহনেওয়াজ আলম রোবার হাতে অনুদানটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।