ফরিদপুরে ভাঙ্গায় শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রথম রায়, আসামির আমৃত্যু কারাদণ্ড
সংগ্রহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মুরাদ খন্দকার (৪৩) নামের এক আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ আদেশ দেন। ফরিদপুরে এই ট্রাইব্যুনাল গঠন করার পর এটিই প্রথম রায়।
এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১৯ সালের ১৫ মে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় এ শিশু ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় বিকেলে বাড়ির বাইরে ধর্ষিতা শিশুটি তার ছোট বোনকে (৩) নিয়ে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মুরাদ খন্দকার বাদির ছোট শিশুকে কোলে করে নিজের ঘরের ভেতরে প্রবেশ করেন।
পরে শিশুটির বোন (১০) তাকে আনতে গেলে এক পর্যায়ে আসামি মুরাদ খন্দকার বড় শিশুটিকে ধর্ষণ করেন। পরে মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মায়ের কাছে জানায়। এ ঘটনার পরেরদিন শিশুটির বাবা ভাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর ২০২১ সালের ১৭ নভেম্বর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করেন।
পরে দীর্ঘ শুনানি শেষে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, ভাঙ্গায় এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামির আমৃত্যু দণ্ডে দণ্ডিত করার আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
তিনি বলেন, আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি।