মায়ের কুলখানির দিন ছেলের মৃত্যু
সংগ্রহীত ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। বুধবার (২৬ নভেম্বর) মায়ের কুলখানির দিনই ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা গেলেন তারই একমাত্র ছেলে। এ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম মানিক মিয়া (৫৫)।
তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মানিক মিয়ার মা আমেনা বেগম (৭৫) গত ২৩ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান। বুধবার ছিল তার কুলখানি। সকাল থেকেই বাড়িতে স্বজন, প্রতিবেশীসহ অসংখ্য মানুষের সমাগম ছিল।
কুলখানিতে সারাদিন ব্যস্ত সময় কাটান মানিক মিয়া।
দিনের কার্যক্রম শেষে সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ সিংহ কালের কণ্ঠকে জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত পাওয়া যায়। ধারণা করছি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কয়েকদিনের ব্যবধানে মা-ছেলের এমন মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন। এলাকাবাসীর মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।