গম্ভীরকে বরখাস্ত করার বিষয়ে যা বলল বিসিসিআই

গম্ভীরকে বরখাস্ত করার বিষয়ে যা বলল বিসিসিআই

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ধবলধোলাই হয়ে টেস্ট সিরিজ হেরেছে ভারত। লজ্জাজনক এমন সিরিজ হারের পর প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে চলছে সমালোচনা। অনেকেই তাঁকে বরখাস্ত করার দাবীও তুলেছেন। তবে সিরিজ হারলেও গম্ভীরকে সরানোর কোনো পরিকল্পনা নেই- এমনটাই জানিয়েছে বিসিসিআই-এর দায়িত্বশীল সূত্র। গত এক বছরেরও কম সময়ে ভারতের দ্বিতীয় হোম টেস্ট সিরিজ হারকে কেন্দ্র করে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে চলছিল নানা জল্পনা। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, লাল বলের নতুন কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নামও বিবেচনায় আছে।

তবে বিসিসিআই সূত্র জানিয়েছে, গম্ভীরের ওপর আস্থা হারায়নি বোর্ড। বরং দল পুনর্গঠনের কাজ চালিয়ে যেতে তাকে পুরো সমর্থন দেওয়ার সিদ্ধান্তেই স্থির আছে তারা। দক্ষিণ আফ্রিকার হোয়াইট-বল সিরিজ শেষে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে এক বৈঠকও বসবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের ভাষ্যে জানায়, “এ মুহূর্তে গৌতম গম্ভীরকে বদলানোর কোনো আলোচনা নেই। তিনি একটি দল নতুন করে গড়ছেন। তার চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত।”

আরও বলা হয়, “দক্ষিণ আফ্রিকা সফর শেষে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের বৈঠকে গম্ভীরের কাছে জানা হবে, পরিবর্তনের সময়ে কীভাবে টেস্ট দলের পারফরম্যান্স উন্নত করা যায়।” এদিকে গম্ভীরের পক্ষে সরব হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে, কোচ মাঠে নামতে পারেন না- শেষ পর্যন্ত কাজটি খেলোয়াড়দেরই করতে হয়।

গাভাস্কার বলেন, “কোচ প্রস্তুতি করিয়ে দিতে পারেন, নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝিয়ে দিতে পারেন। কিন্তু মাঠে গিয়ে পারফরম্যান্স তো খেলোয়াড়দেরই করতে হবে। এখন যারা তাকে দায়ী করছেন, তাদের কাছে আমার প্রশ্ন- চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত, এশিয়া কাপও জিতেছিল। তখন কি আপনারা বলেছিলেন, গম্ভীরকে আজীবন কোচ করে দেওয়া হোক?”

তিনি আরও যোগ করেন, “টিম ভালো করলেই কিন্তু কেউ কোচকে বাড়তি কৃতিত্ব দেয় না। খারাপ করলেই সবাই কোচকে দোষ দেয়।”