রাজধানীর কারওয়ান বাজারে ছুরিকাঘাতে কাঁচামাল বিক্রেতা আহত
সংগ্রহীত ছবি
কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামাল বিক্রেতা আহত হয়েছেন। এ সময় নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পরিবারের।
আহতের নাম মো. লিটন (৪৫)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মো. দুলাল মিয়ার ছেলে।
তেজগাঁও কারওয়ান বাজার এলাকার কাজিপাড়ায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন তিনি।
আহত লিটনের বরাতে তার স্ত্রী ইয়াসমিন বেগম জানিয়েছেন, তার স্বামী কারওয়ান বাজারের কাঁচামাল ক্রয় করে সেখানেই বিক্রি করে থাকেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায়ও বাসা থেকে বের হন। পরে সংবাদ পাই, কারওয়ান বাজার আম্বারশা মসজিদের পাশে ৩ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তার সঙ্গে থাকা নগদ ৩৩ হাজার টাকা ও তার মোবাইল ফোনটি নিয়ে যায়।
পরে সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, আহত কাঁচা মাল বিক্রেতাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।