হাতিবান্ধায় জমি সমান করার সময় মাটির নিচ থেকে মর্টার শেল উদ্ধার
ছবিঃ সংগৃহীত।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সমান করার কাজ করার সময় মাটির নিচ থেকে একটি মর্টারশেল উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার আবাদি জমি থেকে এ মর্টার শেলটি পাওয়া যায়। এটি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার আবুল হোসেনের মালিকানাধীন আবাদি জমি ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি সমান করতে থাকেন।
এ সময় মাটির প্রায় ২ ফিট নিচে চাপা থাকা অবিস্ফোরিত ও মরিচা ধরা অবস্থায় একটি লোহার তৈরি মর্টার শেল পাওয়া যায়। এটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পূরত্ব ১০ ইঞ্চি, ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি। ওজন সাড়ে তিন কেজি। এটির গায়ে এমকে ১৭ লেখা রয়েছে।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এ মর্টার শেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, উদ্ধারকৃত মর্টার শেলটি থানার কারখানায় নিরাপদে রাখা হয়েছে। বিষয়টি আদালতকে অবহিত করা হবে।
আদালত যেভাবে নির্দেশনা দেবে, সে অনুযায়ী পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।