সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পথসভায় কান্নার রোল
সংগ্রহীত ছবি
ছিল পথসভা। হাজার হাজার লোকের আগমনে তা জনসভায় পরিণত হয়ে ওঠে। সভায় সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) সংসদীয় এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বক্তব্য শুরু করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে দুহাত তুলে দীর্ঘ মোনাজাত শুরু করেন।
এ সময় তিনি গত ১৭ বছর জিয়া পরিবারের দুঃখ-কষ্ট ও বঞ্চনার কথা বলে কেঁদে ফেলেন।
তিনি বলেন, মা খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটময়। আমরা সবাই মহান আল্লাহ কাছে তাঁর জন্য প্রাণভরে দোয়া করি।
এ সময় পথসভায় উপস্থিত হাজার হাজার মানুষ দুহাত তুলে মোনাজাত ধরে, তাঁরাও কান্নায় ভেঙে পড়েন। সভা জুড়ে শুরু হয় কান্নার রোল।
সভায় উপস্থিত সাংবাদিকসহ সবাইকে এ দৃশ্যটি নাড়িয়ে দেয়।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে আয়োজিত হয় এ পথসভা।
আনিসুল হক আরো বলেন, হাওরবাসী যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও কৃষিক্ষেত্রে পিছিয়ে আছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে।
তিনি হাওরবাসীর কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চান।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। দেশে কোটি কোটি মানুষ তাঁকে বরণ করতে ঢাকায় যাবে।
এ পথসভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শিকদার। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সভায় উপস্থিত উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির প্রতিটি নেতাকর্মীর কাছে আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধার আশ্রয়স্থল। তাঁর সুখ-দুঃখ বিএনপিসহ দেশের সকল জাতীয়তাবাদী শক্তির হৃদয়কে নাড়া দেয়।