ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে সাহিদা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি গ্রামের সৌদি প্রবাসী শাহাদাত শেখের মেয়ে।সাহিদা এ বছর এইচএসসি পরীক্ষায় ফরিদপুরের ভাঙ্গা মহিলা কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছিলেন। 

এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি নামক স্থানে পৌঁছানো মাত্র ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। 

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে এক কলেজ ছাত্রী বাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়ে মারা গেছে। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয়। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনি এবং যান চলাচল স্বাভাবিক করি। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।