নারায়ণগঞ্জে ১৩৯ শহীদদের স্মরণে নানা সামাজিক কর্মসূচি

নারায়ণগঞ্জে ১৩৯ শহীদদের স্মরণে নানা সামাজিক কর্মসূচি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী গণহত্যা দিবসের ১৩৯ জন শহীদদের স্মরণে চক্ষু চিকিৎসা সেবা, সুন্নতে খৎনা ও শিক্ষা উপকরণ বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে বক্তাবলীর গঙ্গানগর এলাকায় সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটির সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেলিযোগাযোগ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (রেগুলেটরি) এবং প্রাক্তন জেলা গভর্ণর প্রকৌশলী লায়ন মো. আব্দুল ওহাব। 
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরাও রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া দরকার ছিল। তাদের বিষয়টি আমার জানা ছিল না। আমি এ বিষয়টি সরকারের ঊর্ধতনদের কাছে তুলে ধরবো। আজকে শহীদ পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দিতে পেরেছি এর চেয়ে বড় আর কিছু হতে পারে না।

অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. এ. কে শফিউদ্দিন আহমেদ মিন্টু। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক শরীফ সুমনসহ আরো অনেকে। 
সভাপতিত্ব করেন সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান লায়ন মো. রকিব উদ্দিন। অনুষ্ঠানে বক্তাবলী গণহত্যায় শহীদ ৮ পরিবারকে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।