ভাঙ্গায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ভাঙ্গায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফাইল ছবি

 ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ডভ্যান ও কমলালেবুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে মধু উল্লাহ মিয়া (৪০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মধু উল্লাহ মিয়া চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের বাসিন্দা। তিনি ফল ব্যবসায়ী ও পিকআপের মালিক ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার সূত্র জানায়, ফরিদপুরের দিক থেকে ভাঙ্গাগামী কমলালেবুবোঝাই পিকআপটির সঙ্গে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী জননী এন্টারপ্রাইজের কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মধু উল্লাহ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাঁর মরদেহ উদ্ধার করেন। পিকআপচালক আশিকুল ইসলাম (২৯) গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মামুন জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।