পাকিস্তানের হামলা ঠেকাতে রাশিয়ার এস-৫০০ চায় ভারত
ফাইল ছবি।
পাকিস্তানের হামলা ঠেকাতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সফল, এমন দাবি করেই এবার রাশিয়ার তৈরি আরেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নজর দিয়েছে ভারত।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর কেন্দ্র করে এস-৪০০-এর হালনাগাদ ভার্সন এস-৫০০ পেতে মরিয়া হয়ে উঠেছে দিল্লি।
ভারতের দাবি, অপারেশন সিঁদুরের সময় এস-৪০০-এর নজরদারি এবং ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে নিষ্ক্রিয় করতে কার্যকারিতা দেখানো নয়া দিল্লি এখন এস-৫০০ প্রোমিথিউস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। এই ব্যবস্থাটি বিশ্বের অন্যতম উন্নত কৌশলগত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্ল্যাটফর্ম হিসাবে বিবেচিত।
প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, এস-৪০০ ত্রায়ম্ফ যেখানে ৪০০ কিলোমিটারের মধ্যে বিমান, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা দেয়, সেখানে এস-৫০০ প্রোমিথিউস প্রায় পুরো দেশকেই প্রতিরক্ষা বলয়ে নিয়ে আসবে। এটি কেবল আকাশ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বরং মহাকাশ থেকে আসা হুমকি মোকাবেলায়ও সহায়তা করবে।
এস-৫০০-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর উচ্চতা। এটি প্রায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে সক্ষম।
ভারতের প্রতিরক্ষা ঢালকে বায়ুমণ্ডলের বহির্ভাগ বা এক্সো-অ্যাটমোস্ফেরিক স্তরে প্রসারিত করবে। এটি কেবল এস-৪০০-এর উত্তরসূরি নয় বরং এর মিশন প্রোফাইলের একটি নাটকীয় পরিবর্তন। এস-৪০০ যেখানে ৪৮এন৬ এবং ৪০এন৬ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, সেখানে এস-৫০০ নিয়ে আসছে ৭৭এন৬-এন এবং ৭৭এন৬-এন১ নামের কাইনেটিক 'হিট-টু-কিল' ইন্টারসেপ্টর। এই ইন্টারসেপ্টরগুলো উচ্চ-গতির ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার জন্য নকশা করা হয়েছে।