দাম্পত্য কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ি আহত
প্রতিকি ছবি
রাজধানীর ডেমরায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে সোহাগ মিয়া (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে।
বুধবার দুপুরে ডেমরার বামইল এলাকার মাতব্বর গলিতে ফাতেমার বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহতরা হলেন, সোহাগের স্ত্রী মোরশেদা (২৩) ও শাশুড়ি সাহিদা বেগম (৪০)।
গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত সোহাগ মিয়াকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আহত মোরশেদার মামা শহিদুল ইসলাম আকাশ জানান, সোহাগ ও মোরশেদা দুজনেই গার্মেন্টস কর্মী। দাম্পত্য কলহের জের ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগ ধারালো ছুরি দিয়ে মোরশেদাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মাথা, গলা ও বুকে গুরুতর রক্তাক্ত জখম করে। সেই সময় তাকে বাঁচাতে তার মা সাহিদা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করেন সোহাগ।
তাদের চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন। এ সময় সোহাগকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এক যুবক তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত করার করেছে। এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের দাবি, তার স্ত্রী পরকীয়া করত। বিষয়টি তার শাশুড়িকে জানানো হয়েছিল। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। এসব নিয়ে রাগে-ক্ষোভে কুপিয়ে আহত করেছেন।
তিনি জানান, আহত মা ও মেয়েকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।