ইউপি সদস্য মূসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম গ্রেফতার
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু মুছা সরকার হত্যা মামলার প্রধান আসামি সায়েমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সায়েম পার্শ্ববর্তী আশরাফবাদ গ্রামের বাসিন্দা।
গত ৩০ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুর গ্রামের পূর্ব পাশে জোয়ারারবিল এলাকায় আবু মুছা সরকারের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এসআই মোহাম্মদ কামাল হোসেন, ফারুক আহাম্মদের সহযোগিতায় মিরপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে সায়েমকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, আসামিকে থানায় আনা হয়েছে এবং বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।