ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন হামিদ ও রবিউল
ফাইল ছবি
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার দুইটি আলোচিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। ঢাকা–৭ আসনে মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ এবং ঢাকা–১০ আসনে প্রার্থী হয়েছেন শেখ রবিউল আলম রবি। দুই প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, হামিদুর রহমান হামিদ ও শেখ রবিউল আলম রবি দু’জনই দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং কর্মীদের প্রিয় মুখ। বিগত ‘ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের’ আমলে হামিদ নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং এলাকায় কয়েকটি শহীদ পরিবারের দায়িত্বও নিজের কাঁধে নিয়েছিলেন। তাদের মতে, হামিদকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে ঢাকা–৭ আসনে ২০ বছরের নেতৃত্ব–শূন্যতার ইতি ঘটল।
অন্যদিকে শেখ রবিউল আলম রবি বিগত আন্দোলন–সংগ্রামের সময় সক্রিয় ভূমিকা পালন করেছেন, রক্তঝরা নির্যাতন সহ্য করেও এলাকায় নেতাকর্মীদের বিপদে–আপদে ছুটে গিয়েছেন। সাম্প্রতিক সময়ে টকশোসহ বিভিন্ন আলোচনায় আওয়ামী লীগের পক্ষসমর্থকদের যুক্তি চ্যালেঞ্জ করে আলোচনায় আসেন তিনি। ফলে স্থানীয়দের দাবি, ঢাকা–১০ আসনে রবির মনোনয়ন ছিল সময়ের দাবি।
দলীয় এই সিদ্ধান্ত ঘোষণার পরই সরেজমিনে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুর থেকে পুরান ঢাকার বংশাল, চকবাজার, কতোয়ালি, লালবাগ, কামরাঙ্গীরচর এবং ঢাকা–১০ আসনের হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট–এর বিভিন্ন এলাকায় মিষ্টিমুখ, স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কার্যালয়গুলো। থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা জানান—দুইটি আসনই তারা নির্বাচনে বিএনপিকে উপহার দিতে প্রস্তুত।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন যুগান্তরকে বলেন—‘ঢাকার মাটি ও মানুষের নেতা হামিদুর রহমান হামিদ মনোনয়ন পাওয়ায় পুরান ঢাকাবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। নেতাকর্মীরা উচ্ছ্বসিত। ইনশাল্লাহ, ঢাকা–৭ আসন আমরা উপহার দেব।’
হাজারীবাগ এলাকার ডিএসসিসির ২২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারসিদুল রহমান সাদ বলেন— ‘ঢাকা–১০ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। শেখ রবিউল আলম রবি এই এলাকার নেতাকর্মীদের প্রাণ। তার মনোনয়নে সবাই নতুন উদ্দীপনা পেয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতেই আমরা মাঠে নামছি।’
দলীয় অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলে আসা নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ঢাকার দুইটি কৌশলগত আসনে মনোনয়ন ঘোষণা করায় তৃণমূলে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে— এমনটাই জানান স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছিল। বাকি ৬৩ আসনের মধ্যে গুরুত্বপূর্ণ ঢাকা-৭ ও ঢাকা-১০ আসনে জোটের প্রার্থীদের ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠে মাঠে। তখন দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়। অবশেষে বিএনপির এই দুই নেতা দলীয় মনোনয়ন পাওয়ায় তাদের মাঝে উৎসবমুখর উচ্ছাস বিরাজ করছে।