চলছে ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী লাফা বেগুনের ভাস্কর্য তৈরির কাজ
সংগ্রহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী লাফা বেগুনের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছেন নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন। ব্রহ্মপুত্র সেতুর অপর প্রান্তে চরআলগীতে দৃষ্টি নন্দন এই ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে।
নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, গফরগাঁও উপজেলার প্রাচীন ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চরআলগীর টেকির চরে ব্রিটিশ বিমান বিধ্বস্তের স্থানে স্মৃতিচিহ্ন নির্মাণ, উপজেলা ভূমি অফিস, মশাখালী ইউনিয়নের শীলা ভূমি অফিস, পাইথল ইউনিয়নের জয়দরখালী ভূমি অফিস, পাঁচপাই বাজার ভূমি অফিসের প্রাচীন রাজ কাচারী ভবন সংস্কার ও সংরক্ষণ এবং গফরগাঁওয়ের সুবিখ্যাত বিলুপ্ত লাফা বেগুনের দৃষ্টি নন্দন ভাস্কর্য নির্মাণ।
ইতিমধ্যে কাজগুলো চলছে।
স্থানীয় আলতাফ খোলন্দাজ কলেজের সহযোগী অধ্যাপক গোলাম মোহাম্মদ ফারুকী বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানাই। সৃজনশীল এই কাজগুলো সম্পন্ন হলে নতুন প্রজন্ম অনেক অজানা তথ্য জানতে পারবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুনের ইচ্ছা ও তত্ত্বাবধানে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কাজগুলো করা হচ্ছে।
তিনি আরো বলেন, উপজেলা ভূমি অফিসের প্রাচীন রাজ কাচারী ভবনটি সংস্কার করে দৃষ্টি নন্দন ও দর্শনীয় স্থান করা হচ্ছে। ভবনের ভেতরে গফরগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি মূলক তথ্যচিত্র স্থাপন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, গফরগাঁও উপজেলার গৌরব উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। কালের আবর্তে এসব ইতিহাস ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।
তাই ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।