চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
প্রতিকি ছবি
ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে শিমুল ধর (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত শিমুল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি সীতাকুণ্ড বাজারে রহমান জুয়েলার্স নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ জানান, রবিবার রাতে দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে সীতাকুণ্ড সদর রেলগেটে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে মারা যান শিমুল। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।