কাশিয়ানীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী না করলে বিএনপি ক্ষমতায় এলেও এই এলাকার উন্নয়নের ধারাবাহিকতার সুযোগ কমে যাবে। এলাকাবাসীর সন্তানদের ভবিষ্যৎ, স্থানীয় উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বিবেচনা করে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ কাশিয়ানীর পারুলিয়া জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পারুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন পারিবারিক কলহে প্রায়ই নিরীহ মানুষ হয়রানির শিকার হন। আজ থেকে পারুলিয়া ইউনিয়নে কোনো নিরীহ মানুষ যেন ন্যূনতম হয়রানির শিকার না হয়—সে বিষয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। কোনো নিরীহ মানুষকে নিপীড়ন, নির্যাতন বা মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা প্রমুখ।
এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।