সেন্টমার্টিনে সিমেন্ট পাচারের সময় ১১ জন আটক
প্রতিকি ছবি
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর বুধবার রাত ১০টায় ‘অপারেশন সমুদ্র প্রহরা’-য় নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সৈয়দ নজরুল কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ–পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।