মাদারীপুরে ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ
সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচরে শিশুকে ধর্ষণের অভিযোগে আসামির বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের সামনে থেকে বিক্ষোভ একটি মিছিল বের করা হয়।
পরে মিছিলটি বিভিন্ন স্থান ঘুরে সড়ক ৭১ চত্বর গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এর সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য নজরুল ইসলাম, শিবচর উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. মুজাহিদ, মাদারীপুর সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি আল আমিন, সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী হিমেল, ফাহিম, আকাশসহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা, ধর্ষণের সাথে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত সোমবার সকালে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল ৬ বছর বয়সী এক শিশু। ওই সময় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার তার প্রতিরোধ করে কৌশলে মেয়েটিকে তার ঘরে নিয়ে যায়। এসময় শিশুটিকে ধর্ষণ করা হয়।
বিকেলে গুরুতর অবস্থায় মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত মিঠুন মজুমদার। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনা জানাজানি হলে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশ দেয় এলাকাবাসী।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার মিঠুনকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানান তিনি