খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেনি: জয়নুল আবেদীন

খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেনি: জয়নুল আবেদীন

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের প্রার্থী জয়নুল আবেদীন। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতার স্বার্থে খালেদা জিয়া কখনো আপোস করেনি। সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। তিনি হাসপাতালে শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। এ দৃশ্য জাতির জন্য বেদনার। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে দেশের তরুণরা ঘরে ঘুমাতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে তাদের বেকার সমস্যা দূর করা হবে। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।  

বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। এতে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে ও অহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু প্রমুখ।