ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ
সংগৃহীত ছবি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তিনি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনাতেও নিন্দা ও প্রতিবাদ জানান।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, প্রত্যেক দলের রাজনীতি আলাদা হতে পারে, মত ও পথ ভিন্ন হতে পারে; কিন্তু দিন শেষে আমরা সবাই একই দেশের নাগরিক। ভিন্নতা মেনে নিয়েই দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা গণতন্ত্রের সৌন্দর্য। অথচ একটি দেশবিরোধী ষড়যন্ত্রকারী চক্র নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একের পর এক হামলা ও অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলা সেই গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। তিনি এসব বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।