চট্টগ্রামে ৫৫০ হৃদরোগ চিকিৎসকের অংশগ্রহণে ১০০ গবেষণাপত্র
সংগৃহীত ছবি
চট্টগ্রাম সোসাইটি অব ইন্টাভেনশনাল কার্ডিওলজি’র (সিএসআইসি) উদ্যোগে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কার্ডিওভাসকুলার কনফারেন্স ‘কার্ডিকন ২০২৫’। আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর নগরের রেডিসন ব্লু চট্টগ্রামে এই কনফারেন্সে দেশি-বিদেশি ৫৫০ জনের বেশি চিকিৎসকের অংশগ্রহণে উপস্থাপিত হবে ১০০টিরও বেশি গবেষণাপত্র।
শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের ডা. সন্দিপন দাশ কনফারেন্স হলে আয়োজিত আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির কো-অর্ডিনেটর ডা. কাজী শামীম আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির সভাপতি ডা. মো. নূর উদ্দিন তারেক, সিএসআইসি’র সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, অর্গানাইজিং কমিটির সেক্রেটারি ডা. আ. ই. ম. নূর উদ্দিন জাহাঙ্গীর, সিএসআইসি জেনারেল সেক্রেটারি ডা. আনিসুল আউয়াল এবং সিএসআইসি জয়েন্ট সেক্রেটারি ও কার্ডিকন অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এস. এম ইফতেখারুল ইসলাম।
এছাড়া পাবলিকেশন কমিটির কনভেনর ডা. মো. খোরশেদ আলম ও সায়েন্টিফিক সাব-কমিটির মেম্বার সেক্রেটারি ডা. মো. মাহফুজুর রহমান বক্তব্য দেন।
‘শ্রেষ্ঠত্বের দিকে পদক্ষেপ’ শীর্ষক প্রতিপাদ্যে এবারের সম্মেলনে ২২টি সেশনে হৃদরোগ ব্যবস্থাপনার জন্য সামগ্রিক পদ্ধতি, মৌলিক, ক্লিনিক্যাল এবং হস্তক্ষেপমূলক দিকসহ গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হবে। একই সঙ্গে হাতে-কলমে প্রশিক্ষণ (প্রশিক্ষণগ্রাম), ইকোকার্ডিওগ্রাফি কর্মশালা, ফেলোস কোর্স, ইসিজি সিম্পোজিয়াম, পোস্টার ও সিডি উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে সিএসআইসি জেনারেল সেক্রেটারি ডা. আনিসুল আউয়াল বলেন, আন্তর্জাতিক গবেষক পর্তুগালের প্রফেসর ফুয়াসটু জে পিন্টু, ইতালির প্রফেসর এন্থোনিও কলোম্বো, আমেরিকার ডা. রফিক আহমেদ, প্রফেসর চৌধুরী এইচ আহসান, মালয়েশিয়ার প্রফেসর ডা. সাজলি সাহলান বিন কাসিম ও ডা. মো. শাওয়াল ফাইজাল বিন দাটো মোহাম্মদ, ভিয়েতনামের ডা.ফেম নাত মিনহ, পাকিস্তানের ডা. গোলাম হুসাইন সোমরু, নেপালের ডা. অরুণ মাসকেই, ইন্ডিয়ার প্রফেসর অশোক শেঠ, ডা. অরিন্দম পান্ডে, ডা. আফতাব খান ও ডা. সৌম্য কান্তি রায় তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
কার্ডিকন সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির সভাপতি ডা. মো. নূর উদ্দিন তারেক বলেন, যে কনফারেন্স আয়োজন করা হচ্ছে এর মাধ্যমে হৃদরোগ বিশেষজ্ঞরা আরো জ্ঞানসমৃদ্ধ হবেন। এতে হৃদরোগের চিকিৎসায় গুণগত পরিবর্তন আসবে। যা রোগী এবং চিকিৎসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সিএসআইসি’র সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেন, চট্টগ্রামে দেড় শতাধিক হৃদরোগ চিকিৎসক রয়েছেন। যারা প্রতিদিন চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে কার্ডিওভাস্কুলার রোগ চিকিৎসা দিচ্ছেন। আমরা মনে করি এ কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকরা তাদের জ্ঞান কাজে লাগিয়ে রোগীদের গুণগত চিকিৎসা সেবা দিবেন।