হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। 

শনিবার জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।  

পরে সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি মহল ধারাবাহিকভাবে অস্থিরতা সৃষ্টি করছে। পরিকল্পিতভাবে তারা হামলা চালাচ্ছে। বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাই তাদের লক্ষ্য।   

বক্তারা দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল হক রুবেল।

এছাড়া সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, আলতাফ হোসেন, ইদ্রিস আলী, আজিজুল হক, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসানসহ অন্যরা সমাবেশে উপস্থিত ছিলেন।