চীনা জলকামানের আঘাতে ফিলিপাইনের তিন জেলে আহত
সংগ্রহীত ছবি
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ একটি মগ্নচড়া এলাকায় চীনের কোস্টগার্ডের ছোড়া জলকামানের পানির আঘাতে ফিলিপাইনের তিন জেলে আহত হয়েছেন। এ ঘটনায় দুটি মাছধরা নৌকা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইন কোস্টগার্ড।
শনিবার দেওয়া এক বিবৃতিতে ফিলিপাইন কোস্টগার্ড জানায়, শুক্রবার সাবিনা মগ্নচড়ার কাছে প্রায় দুই ডজন ফিলিপাইনের মাছধরা নৌকার দিকে জলকামান ছোড়ে এবং বাধাদানমূলক কৌশল অবলম্বন করে চীনা কোস্টগার্ড। অভিযোগ করা হয়, চীনের একটি ছোট কোস্টগার্ড নৌযান ফিলিপাইনের কয়েকটি নৌকার নোঙরের দড়ি কেটে দেয়, ফলে জেলেদের জীবন ঝুঁকির মুখে পড়ে।
বিবৃতিতে ফিলিপাইন কোস্টগার্ড জানায়, 'আমরা চীনা কোস্টগার্ডকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আচরণবিধি অনুসরণের আহ্বান জানাচ্ছি। তথাকথিত আইন প্রয়োগের নামে নিরীহ জেলেদের জীবন বিপন্ন না করে সমুদ্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।'
তবে শুক্রবার চীনের কোস্টগার্ড দাবি করে, তারা ফিলিপাইনের একাধিক নৌযানকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়েছে এবং নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
ফিলিপাইন্স কোস্টগার্ডের মুখপাত্র জে তারিয়েলা বলেন, চীনের এই বক্তব্যই তাদের কর্মকাণ্ডের স্বীকারোক্তি। রয়টার্সকে তিনি বলেন, 'তারা সাধারণ ফিলিপাইনের জেলেদের বিরুদ্ধে চালানো এই অন্যায় কাজ নিজেরাই স্বীকার করেছে।'
ফিলিপাইন কোস্টগার্ড আরও জানায়, আহত জেলেদের সহায়তার জন্য পাঠানো তাদের জাহাজগুলোতেও চীনা কোস্টগার্ড বারবার বাধা দেয়। তবে শনিবার সকালে কোস্টগার্ড সদস্যরা জেলেদের কাছে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিতে সক্ষম হন।
সূত্র: রয়টার্স