লেবাননে ইসরায়েলি হামলায় নিহত তিন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত তিন

সংগ্রহীত ছবি

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। পৃথক এসব হামলায় আরও অন্তত একজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের ইয়াতার এলাকায় একটি মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হন। একই দিনে সাফাদ আল-বাতিখ ও বারাশিত শহরের মধ্যবর্তী এলাকায় একটি গাড়িতে চালানো হামলায় আরও একজন নিহত হন।

এছাড়া, টাইর জেলার জুয়াইয়া শহরে ইসরায়েলি হামলায় স্থানীয় পৌর পরিষদের এক সদস্য নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ গত মাসে হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৫ সালের শেষ নাগাদ যদি হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করে, তবে লেবাননের বিরুদ্ধে ব্যাপক পরিসরের নতুন যুদ্ধ শুরু করতে প্রস্তুত তেল আবিব।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি শুক্রবার জানান, আরব ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ থেকে বৈরুতকে সতর্ক করা হয়েছে যে, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, সম্ভাব্য হামলা থেকে দেশ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে লেবানন। এ বক্তব্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বহন করে।