রিয়ালের স্বস্তির জয়

রিয়ালের স্বস্তির জয়

সংগ্রহীত ছবি

লা লিগায় কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তির জয় এলো আলাভেসের মাঠে। রবিবার দিবাগত রাতে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলে ২-১ ব্যবধানে জিতে শিরোপা প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে জাভও আলোনসোর দল।

ম্যাচের শুরুতেই হাঁটুতে আঘাত পেয়ে কিছুটা সমস্যায় পড়েন এমবাপ্পে। চোট কাটিয়ে ওঠার পরই অবশ্য দলকে এগিয়ে নেন এই ফরাসি তারকা। ২৪তম মিনিটে জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে প্রতিপক্ষের বাধা এড়িয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি। লা লিগায় এটি ছিল এমবাপ্পের ১৭তম গোল।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। উল্টো যোগ করা সময়ে আলাভেসের নিশ্চিত গোলের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার দৃঢ়তায় এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আলাভেস আক্রমণ বাড়ায়। ৬৮তম মিনিটে বদলি হিসেবে নেমে এক মিনিটের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান কার্লোস ভিনসেন্তে। প্রথমে অফসাইডের সিদ্ধান্ত এলেও ভিএআর পর্যালোচনায় তা বাতিল হয়।

তবে শেষ পর্যন্ত স্বস্তির গোলটি আসে রদ্রিগোর পা থেকে। ৭৬তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাস ধরে কাছ থেকে স্লাইড করে বল জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার। 

এই জয়ে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এখন চার পয়েন্ট।