১৬ ডিসেম্বর বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন
ছবিঃ সংগৃহীত
দেশে অবৈধ পথে ও চোরাই মোবাইল ফোন আমদানি বন্ধের লক্ষ্যে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর কথা ছিল।
তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন ও নানান দাবির মুখে এনইআইআর কার্যকরের সময়সীমা থেকে সরে এসেছে সরকার।
ফলে ১৬ ডিসেম্বরের পরিবর্তে এখন এ নিবন্ধন প্রক্রিয়া নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে শুরু হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযাগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীদের আগে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত বা স্থিত হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার সুযোগ দিতেই এ সময় বাড়ানো হয়েছে।
মোবাইল ফোন ব্যবসায়ীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে neir@btrc.gov.bd এই ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য দিতে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের আমদানি করা হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত বা স্থিত হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ের মধ্যে এসব মোবাইল হ্যান্ডসেটের তথ্য কমিশনে দাখিল করতে পারেননি।
এর পরিপ্রেক্ষিতে অবিক্রিত বা স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিটিআরসি।