শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু

শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু

ফাইল ছবি।

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্য হাতির ভিডিও করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক কনটেন্ট ক্রিয়েটর মারা গেছেন। মৃত ওমর ফারুক (৪০) পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে।  

ফারুক একজন চায়ের দোকানি। সম্প্রতি তিনি কনটেন্ট বানানোর কাজে লেগেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ি রেঞ্জের মালাকোচা বিটের মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় ২৫-৩০টি বন্য হাতির একটি দল লোকালয়ে নেমে আসে। এ সময় বন্য হাতি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। ফারুক হাতিকে উত্ত্যক্ত করে ভিডিও করতে কাছে গেলে হাতিটি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে।

পরে আশপাশের লোকজন চিৎকার চেঁচামেচি ও মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়িয়ে দিয়ে গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতি থাকাকালীন সময়ে সীমান্ত সড়ক দিয়ে সাবধানে চলাচল এবং কোনো ব্যক্তি বা কনটেন্ট ক্রিয়েটর সংরক্ষিত বনে ঢুকে হাতির ভিডিও না করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি হাতিসহ বন্যপ্রাণীদের বিরক্ত করেন, তাহলে তাদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেরপুরে সীমান্তবর্তী এলাকায় যত্রতত্র কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয়রা ফসল বাঁচানোর নামে হাতিদের উত্ত্যক্ত করে আসছে, শারীরিকভাবে লাঞ্ছিত করছে, বিদ্যুতায়িত করে হাতিকে হত্যা করছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।