বিগ ব্যাশে ওভারের মাঝপথে বোলিং থেকেও সরতে হলো আফ্রিদির
শাহিন শাহ আফ্রিদি
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে নেমে শুরুটা খারাপ হলো না শাহিন শাহ আফ্রিদির। প্রথম তিন বলে দিলেন না কোনো রান। কিন্তু এরপর ছন্দ হারিয়ে খরুচে বোলিং করলেন ব্রিজবেন হিটের পাকিস্তানি পেসার। ওভারের মাঝপথে বোলিং থেকেও সরে যাওয়ার বিব্রতকর অভিজ্ঞতা হলো তার।
মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে সোমবারের (১৫ ডিসেম্বর) ম্যাচ দিয়ে বিগ ব্যাশে অভিষেক হয় আফ্রিদির। ২.৪ ওভার করে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বাঁহাতি এই পেসার। ইনিংসের ১৮তম ওভারে ঘটে আফ্রিদিকে বোলিং থেকে সরিয়ে দেওয়ার ঘটনা। নিজের তৃতীয় ওভারটি করতে এসে প্রথম বলে ছক্কা হজম করেন তিনি। পরের বলে আসে এক রান। তৃতীয় ডেলিভারিটি ছিল বিমার, ‘নো’ বল ডাকেন আম্পায়ার। এক বল পর আরেকটি ‘নো’ বল হয়, তবে সেটি ৩০ গজের ভেতরে তিনজন ফিল্ডার থাকায়।
ওভারের পঞ্চম বলটি ফের বিমার করেন আফ্রিদি। দুটি বিমার করায় নিয়ম অনুযায়ী বোলিং থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। পরে ওভারের শেষ দুটি বল করেন ব্রিজবেন হিটের অধিনায়ক ন্যাথান ম্যাকসুয়েনি।
মেলবোর্ন রেনেগেডসের হয়ে এদিন বিগ ব্যাশ অভিষেক হয় আফ্রিদির জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ রিজওয়ানেরও। তিনিও ভালো করতে পারেননি। তিনে নেমে ১০ বল খেলে ৪ রান করে ফেরেন এই কিপার-ব্যাটসম্যান।
আফ্রিদি ও রিজওয়ানের মতো বিগ ব্যাশে ভুলে যাওয়ার মতো অভিষেক হয় তাদের আরেক সতীর্থ বাবর আজমের। এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমে স্রেফ ২ রান করে আউট হন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। টিম সাইফার্টের সেঞ্চুরি ও অলিভার পিকের ফিফটিতে ২১২ রান তোলে রেনেগেডস। পরে ব্রিজবেন হিটকে ১৯৮ রানে থামিয়ে ১৪ রানের জয় তুলে নেয় তারা।