মাদকের টাকা নিয়ে বিরোধ: বরগুনায় বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু
প্রতিকি ছবি
বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের জেরে বাবার ছুরিকাঘাতে সফিক হাওলাদার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সফিক হাওলাদার বাবা–মায়ের একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। একাধিকবার পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মাদক সংক্রান্ত মামলায় একবার কারাভোগও করেন তিনি। চলতি বছরের ৭ অক্টোবর কারাগারে যান সফিক এবং ১০ ডিসেম্বর বাড়ি ফেরেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফেরার পর থেকেই সফিক মাদকের টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। সোমবার দুপুরে তিনি তার বাবা ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের (৫০) কাছে আবার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সফিক বাবাকে মারধর করেন। একপর্যায়ে রান্নাঘরের কাঁচা মরিচ কাটার একটি ছুরি দিয়ে বাবা ছেলের পিঠে আঘাত করেন।
ছুরিকাঘাতে গুরুতর আহত সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন এবং পরে মারা যান। ঘটনার পরপরই বাবা হারুন হাওলাদার পালিয়ে যান।
নিহতের মা রাসেদা বেগম বলেন, ‘সে আমাদের একমাত্র সন্তান ছিল। নেশার কারণে ধীরে ধীরে সব শেষ হয়ে গেছে। তিনবার রিহ্যাবে চিকিৎসা করিয়েছি, জেলেও ছিল। বাড়ি ফেরার পর থেকে আমাকে ও তার বাবাকে মারধর করত। আজ সব শেষ হয়ে গেল।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকাসক্ত ছেলের মারধরের একপর্যায়ে বাবা ছুরি দিয়ে আঘাত করেন। অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।