গোপালগঞ্জে নবান্ন উৎসব

গোপালগঞ্জে নবান্ন উৎসব

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে নবান্ন উৎসব আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কৃষি অফিস। সোমবার বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উৎসব উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক ড. মো. মামুনুর রহমান।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনা খাতুন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, নতুন ধানের চাল দিয়ে তৈরি বাহারি খাবার ও গ্রামবাংলার ঐতিহ্যের স্বাদ তুলে ধরতেই নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রায় ৩০ ধরনের পিঠা-পুলি ও পায়েস পরিবেশন করা হয়। পরে অতিথিদের পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়।

তিনি আরও বলেন, স্বল্প পরিসরে আয়োজিত এই নবান্ন উৎসব আগতদের মধ্যে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির আবহ ফিরিয়ে এনেছে।