হাদি হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

হাদি হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

সংগৃহীত ছবি

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জ। হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে হবিগঞ্জ শহরে ব্লকেড কর্মসূচি পালনের পাশাপাশি আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

 হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে ব্লকেড ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচির ডাক দেয় হবিগঞ্জের ছাত্র-জনতা। জুমার নামাজের পর থেকে তারা সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে কোর্ট মসজিদের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। কুশপুত্তলিকা দাহ শেষে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি কোর্ট মসজিদ থেকে শুরু হয়ে শহরের চিড়িয়াকান্দি এলাকায় যায়। বিক্ষুব্ধরা হবিগঞ্জ আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পাশাপাশি শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরালে আগুন ধরিয়ে দেয়।

এরপর ছাত্র-জনতা হবিগঞ্জের পুলিশ সুপারের বাসভবনের সামনে গিয়ে ফের বিক্ষোভ শুরু করে। এ সময় তারা দোষীদের গ্রেপ্তার এবং আন্দোলনকারী নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। পুলিশ সুপার ইয়াছমিন খাতুন দোষীদের গ্রেপ্তার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতা আশরাফুল ইসলাম সুজন বলেন, হাদি ভাইকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। ঘটনার সাত দিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ছাত্র নেতা মাহদি হাসান বলেন, দ্রুত সময়ের মধ্যে ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি জানানো হবে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দোলওয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে