দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক কারাগারে
প্রতিকি ছবি
একাধিক মামলার আসামি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে, শুক্রবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।
আলতাফুজ্জামান মিতা (৬৫) দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার মো. সালেহ উদ্দিন আহমেদ ছেলে। তার বাড়ি বিরামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে।
মিতার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য ও সরকারি প্রকল্পের বরাদ্দ দেওয়ার বিনিময়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উসকানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্টের পর থেকে মিতা আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সঙ্গে যোগসাজশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা করছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় ও ডিএমপিতে একাধিক মামলা রয়েছে।