শহীদ হাদিকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শহীদ হাদিকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে টেকনাফে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম ইয়াহিয়াহ খান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর ইয়াহিয়াহ খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নানা বিতর্কিত পোস্ট দেন। হাদির মৃত্যুর পর তিনি ইংরেজিতে ‘OUT’ লিখে একটি পোস্ট করেন, যা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

 

কবর নিয়ে আপত্তি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও অন্যান্য বরেণ্য ব্যক্তিদের পাশে হাদিকে সমাহিত করা নিয়ে তিনি তীব্র আপত্তি তোলেন।

একটি পোস্টে তিনি হাদিকে ‘জঙ্গি’ হিসেবে অভিহিত করেন এবং লিখেন, বিশিষ্ট ব্যক্তিদের পাশে কোনো ‘জঙ্গির’ কবর হলে ইতিহাস  ঢাবিকে ক্ষমা করবে না।

 

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ইয়াহিয়াহ খান নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্টই নয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।