ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকেলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে ঢাবি। এ বিষয়ে রবিবার (২১ ডিসেম্বর) নোটিশ জারি করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সালাম এ তথ্য জানান।
ঢাবির সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে ঢাবির সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনকে সম্মান জানিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়। ২০ ডিসেম্বর এক সভায় পরীক্ষাটি আগামী ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
একই দিনে সকালে মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনললজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সেখানেও পরীক্ষা দেবেন।
ডিন জানান, এই শিক্ষার্থীদের মধ্যে যারা ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার বাইরের কোনো কেন্দ্রে পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের ঢাকার কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দেওয়া হবে। যেন তারা একই সঙ্গে পরীক্ষাতে অংশ নিতে পারেন।
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে এমআইএসটির ভর্তি পরীক্ষা কেবল ঢাকা শহরে অনুষ্ঠিত হবে।