বাংলাদেশ বিমান বাহিনী ও এএইউবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সংগৃহীত ছবি
অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে প্রশিক্ষণ, গবেষণা এবং উন্নয়নমূলক সহযোগিতা জোরদারে বাংলাদেশ বিমান বাহিনী এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
এই এমওইউ-এর আওতায় উভয় প্রতিষ্ঠান ড্রোন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন-দ্যা-জব ট্রেনিং (ওজেটি), ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে একসঙ্গে কাজ করবে।
সংশ্লিষ্টরা জানান, এ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি, কার্যকরী অভিজ্ঞতা অর্জন এবং আধুনিক অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উন্নত প্রশিক্ষণ সমন্বয় ও শক্তিশালী গবেষণা সহযোগিতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এমওইউ স্বাক্ষরের মাধ্যমে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে দেশীয় সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই অংশীদারিত্ব জাতীয় আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিমান সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ (পিএসও), এএইউবি’র ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, এএইউবি’র কর্মকর্তাবৃন্দ এবং বেসামরিক খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।