নাসিরনগরে চুরির অপবাদে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা

নাসিরনগরে চুরির অপবাদে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে শাহিন মিয়া (২২) নামে এক ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া ওই গ্রামের আক্তার মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার একটি ভাঙারি দোকানে ফেরিওয়ালার কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে নাসিরনগরে যাওয়ার পথে মধ্যপাড়া এলাকায় একটি দোকানের সামনে শাহিনকে আটক করেন আরফত আলী, তার ভাতিজা মিলন, জুনায়েদ ও তৌহিদ। পরে তাকে জোরপূর্বক নিজ বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়।

খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আক্তার মিয়া অভিযোগ করে বলেন, দুই দিন আগে আরফত আলীর ভাতিজার একটি রুপার চেইন হারিয়ে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে চোর সন্দেহে তার ছেলেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।