ভারতের নীতি সম্পূর্ণ পুনর্গঠন করতে হবে: হুমায়ুন কবির

ভারতের নীতি সম্পূর্ণ পুনর্গঠন করতে হবে: হুমায়ুন কবির

সংগৃহীত ছবি

ভারত-বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে চাইলে তাদের নীতি সম্পূর্ণভাবে পুনর্গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। 

আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলে কার্যত কিছু নেই। এই বাস্তবতার ভিত্তিতেই ভারতকে তাদের নীতি সম্পূর্ণভাবে রিসেট করতে হবে এবং বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এখানে বাংলাদেশের প্রতি ভারতের যে নীতি রয়েছে, সেটি নতুন করে পুনর্গঠন করতে হবে। সেই নীতির পরিবর্তন জরুরি, রিসেট করা দরকার। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা হাজার হাজার মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছে। তার সঙ্গে আরও অনেক অপরাধী সহযোগীও সেখানে অবস্থান করছে। এই অবস্থায় যদি তারা ভারতের ভূ-খণ্ড ব্যবহার করে বাংলাদেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, এবং আমরা যদি দেখি যে ভারত সরকার এই ধরনের কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি অনিবার্য হবে। একই সঙ্গে বাংলাদেশের জনগণ এর জবাব কীভাবে দেবে, সেটাও অজানা নয়।