টাঙ্গাইলে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে টাঙ্গাইলের নির্বাচন কমিশন থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এখন পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দলের ৪৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার পর্যন্ত জেলার সাতটি আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলটির ১৪ নেতাকর্মী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কার্যালয় জানায়, টাঙ্গাইলের ১২টি উপজেলা নিয়ে আটটি সংসদীয় আসন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। এ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বিএনপি সমর্থক আফিফ উদ্দিন আহমাদ ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আসাদুল ইসলাম আজাদও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান আজাদ ও দলটির নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. লুৎফর রহমান মতিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সদর উপজেলা বিএনপির সদস্য সৈয়দ খালেদ মোস্তফা।
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য রবিউল আওয়াল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সদস্য মো. ইকবাল হোসেন খান, ছাত্রদল নেতা আতিকুর রহমান। এছাড়া বিএনপির সমর্থক জুয়েল সরকারও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোরহাব ও কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান। মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ফিরোজ হায়দার খানও।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সালাউদ্দিন আলমগীর রাসেল ও হাবিবুর রহমান কামাল। এই আসন থেকে আরও মনোনয়নপত্র তুলেছেন বিএনপি থেকে বহিষ্কৃত সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম হাবিবুর রহমান।
প্রাথমিক মনোনয়ন না পাওয়া টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, 'দল থেকে এখনো চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। আমি আশা করি, দল নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন আমাকে দেবে। যদি না দেয়, সে ক্ষেত্রে দলের শীর্ষ নেতা ও সদরের মানুষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।'
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, 'দল যাদের মনোনয়ন দিয়েছে, তাদের জন্য আমরা কাজ করছি। কেউ দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'