মাদ্রাসার ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ
ফাইল ছবি
সারাদেশের আলিয়া মাদ্রাসার জন্য ২০২৬ সালের (১৪৩২–১৪৩৩) শিক্ষাবর্ষের প্রস্তাবিত ছুটির তালিকা ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বছরের ২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা এবং ১৯ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। পুরো বছরে শিক্ষার্থীরা মোট ৭০ দিন ছুটি পাবে।
প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সর্বাধিক ৩০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে পবিত্র রমজান ও একাধিক ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে। এই ছুটি ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে রয়েছে—শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ), ঈদ-উল-ফিতর (২১ মার্চ) এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ)।
এ ছাড়া পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিন ছুটি থাকবে। মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর), বিশ্ব আরবি ভাষা দিবস (১৭ ডিসেম্বর), হযরত ঈসা (আ.)-এর জন্মদিন (২৫ ডিসেম্বর) এবং শীতকালীন অবকাশ উপলক্ষে ১৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর বাইরে শব-ই-মিরাজ (১৭ জানুয়ারি), শব-ই-বরাত (৪ ও ৫ ফেব্রুয়ারি), বাংলা নববর্ষ (১৪ এপ্রিল), মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (১ মে), হিজরি নববর্ষ (১৬ জুন), পবিত্র আশুরা (২৬ জুন), জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট), আখেরি চাহার সোম্বা (১২ আগস্ট), পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) (২৬ ও ২৭ আগস্ট), জন্মাষ্টমী (৪ সেপ্টেম্বর) এবং ফাতেহা-ই-ইয়াজদাহম (২৪ সেপ্টেম্বর) উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানের জন্য সংরক্ষিত ছুটি রাখা হয়েছে তিন দিন। তবে ইসলাম ধর্মীয় অনুষ্ঠানকেন্দ্রিক ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল থাকবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা সংশোধিত খসড়া ছুটির তালিকায় বলা হয়েছে, হাওর এলাকায় বোরো ধান কাটার মৌসুমে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের অনুপস্থিতি বেশি থাকে। সে কারণে হাওর অঞ্চলের মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধানরা মোট ছুটির সংখ্যা অপরিবর্তিত রেখে ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে ওই সময়ে সর্বোচ্চ ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।
এদিকে ২০২৬ শিক্ষাবর্ষে এবতেদায়ী ও দাখিল স্তরের পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক পরীক্ষা হবে ২৫ জুন থেকে ১৫ জুলাই। দাখিল নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর এবং বার্ষিক ও দাখিল নির্বাচনী পরীক্ষা চলবে ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।