রাউজানে মোটরসাইকেল-জিপ সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের রাউজানে ইটবোঝাই জিপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াছিন নগর আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম জাবেদ আলম (২২)। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের ছেলে। তিনি স্থানীয় হজরত ইয়াসিন শাহ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদ আলম বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে স্থানীয় আমিরহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই জিপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, জিপের সঙ্গে সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।