গুরুদাসপুরে ২০ গুণীজন পেলেন সম্মাননা স্মারক
সংগৃহীত ছবি
সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নাটোরের গুরুদাসপুরে উপজেলার ২০ গুণীজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা দিবস ও উন্নয়ন মেলায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মাননা স্মারক দেওয়া হয় তাঁদের।
উপজেলা দিবস উপলক্ষে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মেরাথন, সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সমাজসেবক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান ও চলনবিল প্রেস ক্লাব সভাপতি আলী আক্কাছ। সম্মাননা পাওয়া গুণীজনদের মধ্যে অধ্যাপক গোলাম মোস্তফা, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম ও তরুণ উদ্যোক্তা মিতা খাতুন বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন এনডিপির উপজেলা কর্মসূচি সমন্বয়ক মো. কছিম উদ্দিন।
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ আয়োজনে এ সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়িত হয়।