গাঁজা ও ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাঁজা ও ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিকি ছবি

র‍্যাবের পৃথক অভিযানে প্রায় চার মণ গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার গাজীপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদের আটক করা হয়।

প্রথম অভিযানে সকাল সাড়ে আটটার দিকে নারায়গঞ্জে র‍্যাব-১১  ও ঢাকার র‍্যাব-৩ যৌথভাবে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় বোরহান উদ্দিন (৩০), মো. সোহেল রানা (৩২), মাহবুর ইসলাম নয়ন (৩৪) ও মেহেদী আল আমিন (৩২) নামের চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানে দুপুর সাড়ে বারোটার দিকে নারায়ণগঞ্জ সদর থানার বিবি রোড এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব ১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, গ্রেফতাররা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।