৫০০ টাকা বাজিতে খালে ১১২ ডুব, প্রাণ গেল কৃষকের
সংগৃহীত ছবি
ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার বাজি ধরে শীতে খালে নেমে একটানা শতাধিকবার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। শীতের সকালে ভারী পরিশ্রমে শরীর গরম হয়ে গেলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে ১০০ বার ডুব দেওয়ার বাজি ধরেন। পরে খালি গায়ে খালে নেমে একটানা ১১২ বার ডুব দেন বাবুল মোল্লা। এ সময় তিনি খালের দুই পাড়ে থাকা লোকজনকে ভিডিও না করতে অনুরোধ করেন। ডুব দেওয়া শেষে খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজনরা দ্রুত তাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরেন এবং আগুনের তাপ ও গরম তেল দিয়ে শরীর মালিশ করলেও অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।