বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিকি ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাড়ির সীমানা বিরোধের জের ধরে নবিউল হক (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নবিউল ওই এলাকার স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

নিহতের সন্তান সাজেদা আক্তারের অভিযোগ, প্রতিবেশী মো. সুমনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। শুক্রবার সকালে নবিউল হক নামাজ পড়ে হাঁটাহাঁটি করার সময় সুমন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে সুমন ও তার স্ত্রী মিলে বৃদ্ধের ওপর হামলা চালায়। তারা নবিউলকে ইট দিয়ে মাথা থ্যাঁতলে দেয়। পরে সবার চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘এই ঘটনায় অভিযুক্ত সুমনের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’