ভারত থেকে বিনিয়োগ প্রত্যাহার করল ম্যানসিটির মালিকপক্ষ

ভারত থেকে বিনিয়োগ প্রত্যাহার করল ম্যানসিটির মালিকপক্ষ

সংগ্রহীত ছবি

ভারতীয় ফুটবল অঙ্গনে বড়সড় রদবদল। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী ক্লাব মুম্বাই সিটি এফসি-র মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার সিটির মূল প্রতিষ্ঠান ‘সিটি ফুটবল গ্রুপ’। ভারতীয় ফুটবলে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্নের বীজ বুনেছিল সিএফজি। কিন্তু মাত্র পাঁচ বছরের মাথায় তার অবসান ঘটল। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়ায় মুম্বাই সিটি এফসি থেকে নিজেদের সব বিনিয়োগ তুলে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটির এই মালিক প্রতিষ্ঠান।

২০১৯ সালের নভেম্বরে ভারতীয় ফুটবল বদলে দেয়ার লক্ষ্য নিয়ে মুম্বাই সিটি এফসির ৬৫ শতাংশ মালিকানা কিনেছিল সিএফজি। তবে পাঁচ বছর পর দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। সিএফজি তাদের পুরো শেয়ার ক্লাবের সাবেক মালিক বলিউড তারকা রণবীর কাপুর এবং বিমল পারেখের কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে মুম্বাই সিটি আবারও সম্পূর্ণ ভারতীয় মালিকানাধীন ক্লাবে পরিণত হল।

সিএফজির তত্ত্বাবধানে গত পাঁচ বছরে মাঠের লড়াইয়ে দুর্দান্ত দাপট দেখিয়েছে মুম্বাই সিটি। এই সময়ে তারা দুবার আইএসএল লিগ শিল্ড এবং দুবার আইএসএল কাপ জেতার গৌরব অর্জন করে। তবে মাঠের এই সাফল্য ঢাকা পড়ে গেছে লিগের প্রশাসনিক অব্যবস্থাপনা আর অনিশ্চয়তার চাদরে।

সিএফজির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে সরাসরি আইএসএলের অস্থিতিশীলতাকে দায়ী করা হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনায় বিশ্বাসী এই বৈশ্বিক গ্রুপটি জানিয়েছে, আইএসএলের ভবিষ্যৎ অত্যন্ত ঘোলাটে। এমনকি পরের মৌসুম কবে শুরু হবে, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এমন অনিশ্চিত পরিবেশে আর বিনিয়োগ চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করছে তারা।

বর্তমানে আইএসএল এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং তাদের বাণিজ্যিক অংশীদার এফএসডিএলের মধ্যকার দ্বন্দ্বের কারণে ২০২৫-২৬ মৌসুম গত সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো থমকে আছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন টেন্ডার ডাকা হলেও কোনো প্রতিষ্ঠান লিগটি পরিচালনার আগ্রহ দেখায়নি।

ক্লাবগুলো নিজেরা লিগ চালানোর প্রস্তাব দিলেও এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের কমিটি তা নাকচ করে দেয়। সব মিলিয়ে বিনিয়োগকারী ও ফুটবলারদের ভবিষ্যৎ এখন গভীর অন্ধকারে।