তিন দিনব্যাপী মডেল ইউনাইটেড নেশনস শুরু
সংগৃহীত
তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামূলক সম্মেলন ‘বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস’ শুরু হয়েছে।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) প্রাঙ্গণে ‘জাস্ট এনার্জি ট্রানজিশন’ প্রতিপাদ্যে শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
আয়োজনের এসব তথ্য তুলে ধরে এআইইউবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কূটনীতি কেবল প্রযুক্তিগত বা নীতিগত সমাধানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর সঙ্গে ন্যায়বিচার, মানবিক দায়বদ্ধতা ও নৈতিক স্বচ্ছতার প্রশ্ন ওতঃপ্রোতভাবে জড়িত।
জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিজ্ঞতা এই আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
পররাষ্ট্র সচিব সিয়াম বলেন, বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস তরুণদের বাস্তব কূটনীতির জটিলতা বোঝার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
“ন্যায্য জ্বালানি রূপান্তর শুধু জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে যাওয়ার প্রশ্ন নয়; এটি মানুষের জীবন, সমতা ও যৌথ দায়িত্বের সঙ্গেও সম্পৃক্ত,” বলেন তিনি।
সব দেশের জন্য এক ধরনের সমাধান কার্যকর নয় বলে মন্তব্য করে পররাষ্ট্র সচিব বলেন, “কূটনীতি মূলত প্রতিযোগিতা নয়, বরং সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রক্রিয়া।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ।
তিনি বলেন, “মডেল ইউনাইটেড নেশনস বিতর্কের চেয়েও বেশি ভিন্নমত বোঝার অনুশীলন “তরুণদের উদ্দেশে আগামী ২৫ বছরে কেমন বাংলাদেশ দেখতে চান, সে বিষয়ে ভাবনার আহ্বান জানান তিনি।