পটুয়াখালীতে বিপন্ন প্রজাতির ভোদর উদ্ধার

পটুয়াখালীতে বিপন্ন প্রজাতির ভোদর উদ্ধার

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় বিপন্ন প্রজাতির একটি ভোদর উদ্ধার করেছে এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। শনিবার দুপুরে উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় পরিবেশকর্মী ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরিবেশবিদদের মতে ভোদড় বা উদবিড়াল প্রধানত মৎস্যভূক স্তন্যপায়ী প্রাণী। এক সময় এই অঞ্চলে এসব প্রাণী প্রচুর দেখা যেত। কিন্তু আবাসস্থল ধ্বংস ও জলজপরিবেশ অবক্ষয়, মাছের অভাব, চামড়ার জন্য চোরা শিকারিদের দ্বারা এগুলোকে হত্যা করার করণে ভোদর ব্যাপকহারে হ্রাস পেয়েছে।  

এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা জানান, গত ১৩ ডিসেম্বর ওই গ্রামের কবির হাওলাদারের বাড়ির পুকুরে মাছ ধরার সময় এই ভোদরটি জালে আটকা পড়ে। এসময় স্থানীয়রা এটিকে পিটিয়ে আহত করে। পরে প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে শিকল দিয়ে বেঁধে নিজ বাড়িতে লালন-পালন করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ভোদরটি উদ্ধার করে তারা।

এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়েজিদ মুন্সি বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে ভোদরটি উদ্ধার করা হয়েছে। প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।

পরিবেশকর্মী কে এম বাচ্চু বলেন, ভোদর আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে। আইন অনুযায়ী বন্যপ্রাণী আটক বা লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ।